
নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র জনগণের আয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় ভয়েস মেসেজের মাধ্যমে দ্রুত বন্যার আগাম পূর্বাভাস দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, জাতীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আরো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বন্যার ঝুঁকি হ্রাসে কাজ করা যায়। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বন্যার আগাম সতর্কতা ও ঝুঁকি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়াও ইন্টিগ্রেটেড ওয়েব-মোবাইল অ্যাপ্লিকেশন, ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তৎক্ষণাৎ বন্যার তথ্য ও পরামর্শ স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী শনিবার (৩০ অক্টোবর) ঢাকায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক। প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের সাম্প্রতিক সফরে আকস্মিক বন্যার অভিজ্ঞতা কথা উল্লেখ করে মোবাইল এপ্লিকেশন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্বারা বন্যার আগাম সতর্কীকরণ বার্তা পৌছানোর ব্যবস্থাকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তিনি সাধারণ জনগণের কাছে বন্যার সতর্কবার্তা প্রচারে সহজ ও বোধগম্য ভাষায় প্রচারের উপরও গুরুত্বারোপ করেন।