
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে আমরাদের যে লক্ষ্য- গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তা ফিরিয়ে আনতে পারব। অবশ্যই আমরা জয়ী হব। রোববার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ: আজকের প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।তিনি বলেন, আমি অত্যন্ত আশাবাদী। কারণ এই দেশের মানুষ কখনও ব্যর্থ হয়নি। তারা বার বার সংগ্রাম লড়াই করেছে। বার বার জয়ী হয়েছে। হয়তো কিছুদিনের জন্য আমরা পেছনে থাকতে পারি, কিন্তু কখনও আমরা পরাজিত হইনি।
মির্জা ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে তার উদ্দেশ্য হলো সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা।সামনে যে নির্বাচন নির্বাচন খেলা আসছে তাতে আবার জয়ী হওয়া। আমি আগেও অনেকবার বলেছি এই ঘটনার মূল উদ্দেশ্য হলো এখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে অধিকার আদায়ের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নিরাপত্তার জন্য- সেই আন্দোলন থেকে দৃষ্টি ভিন্নদিকে ফেরানো।তিনি বলেন, এই সরকার ২০১২ সালে অত্যন্ত সুকৌশলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে সেদিন থেকে দেশে সহিংসতা-অস্থিরতা পাকাপোক্তভাবে গেড়ে বসেছে। সেদিন দেশনেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বলেছিলেন ‘এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা স্থায়ীকরণ করা হলো’। যা এখনও চলছে।