
নিউজ ডেস্কঃ বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ নির্মূল করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু। রোববার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশে গড় আয়ু, মাথা পিছু আয়, জীবনযাপনের মান বৃদ্ধি, চরম দারিদ্র্য হ্রাস, বিদ্যুতায়ন ও যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণসহ দেশের আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অনেক উন্নতি হলেও ধর্মান্ধ সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ; দুর্নীতি ও লুটপাট; দলবাজি ও গুণ্ডাতন্ত্র; আর্থসামাজিক বৈষম্য-এই চারটি বিপদ প্রতিনিয়ত বড় হয়ে উঠছে। এরা রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে আঘাত করছে। সংবিধান-আইনকানুন রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।