
নিউজ ডেস্কঃ গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার (০১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে গ্লাসগোতে কপ-২৬ এর মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছালে কনুইয়ের সঙ্গে কুইনের স্পর্শের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিব এবং বৃটিশ প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে হাত মেলানের পরিবর্তে ভিন্ন এ পদ্ধতিতে অভিবাদন জানানোটা বেশ জনপ্রিয় হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ে কনফারেন্স অব পার্টিজ (কপ) এর ২৬ তম আসর আয়োজন করে যুক্তরাজ্য। আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনের মূল পর্বে অংশ নেন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করেছে। এবারের কপ-২৬ শীর্ষ সম্মেলনে সভাপতি বৃটিশ মন্ত্রী অলোক শর্মা এবং বৃটেনের রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই সম্মেলনকে বৈশ্বিক তাপমাত্রা কমানোর ‘শেষ ও চূড়ান্ত সুযোগ’ হিসেবে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব নেতাদের সামনে ৪টি দাবি পেশ করেন। প্রথম দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানো প্রসঙ্গে বলেন, প্রধান কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে অবশ্যই উচ্চাভিলাসী ন্যাশনার ডিটামিন্ড কনট্রিবিউশন (এনডিসি) প্রণয়ন এবং এবং ওইগুলো বাস্তবায়ন করতে হবে।