
নিউজ ডেস্কঃ ১ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে জাটকা (বাচ্চা ইলিশ) আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা। চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। অপরাধ বিবেচনায় জাটকার আগের মাপ ১০ ইঞ্চিই নির্ধারিত রয়েছে। এদিকে জাটকা সংরক্ষণ অভিযান চলাকালীন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে এই চার মাস প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল সহায়তা দেবে সরকার। এছাড়া সারাদেশে জাটকা নিধন বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে। এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা মাছ সংরক্ষণে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। তার আগে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল।
মঙ্গলবার (০২ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, জাটকা ধরার নিষিদ্ধ সময়ে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি জেলে পরিবারকে চার মাস ৪০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণসহ বেশকিছু কার্যক্রম নেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার উপ-প্রধান মাসুদ আরা মমি বলেন, বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী বহু আগে জাটকার আকার ছিল নয় ইঞ্চি। কিন্তু ২০১৪ সালে গেজেট সংশোধন করে জাটকার মাপ ১০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এরপর আর পরিবর্তন হয়নি। মুখ থেকে লেজ পর্যন্ত ইলিশের এই মাপ হিসাব করা হয়।