
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে সতর্কতা অবলম্বন করলে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার দুঃসাহস হতো না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতারা চৌমুহনীতে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
নোয়াখালীর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, চৌমুহনীতে গত ১২ বছর এমন কোনো ঘটনা ঘটেনি। নোয়াখালীতে পূজামণ্ডপে কোনো হামলা হয়নি। এবারের তাণ্ডবটা কেন হলো, কীভাবে হলো, আমি সেখানকার নেতৃবৃন্দকে প্রশ্ন রাখতে চাই। কুমিল্লায় যখন ঘটেছে এতগুলো পূজামণ্ডপে, চৌমুহনীতে আপনারা কেন সতর্ক হলেন না? ভোট এলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি রেখে গেলাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা ঘটেছে। যদি আপনারা কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতেন, আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো না—এরকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেল। সব কিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। সেখানে ২টি প্রাণহানি ঘটলো। আমাদের বিবেক কি আলোড়িত হচ্ছে না? আমি বলবো, আমাদের দায়িত্বপালনে ব্যর্থতা আছে। সেটা নিজেরা খুঁজে বের করুন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনাদের সতর্কতার উপায় খুঁজে বের করতে হবে।