
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান গ্লিটার্স আরএসটি লিমিটেডের বিরুদ্ধে ৭ কোটি ২ লাখ ২৬০০ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্তরা বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম লিটন দাবি করেন, যশোর শহরের বাসিন্দা মতিয়ার রহমানের মাধ্যমে তারা গ্লিটার্স আরএসটি লিমিটেড সম্পর্কে জানতে পারেন। প্রতিষ্ঠানটি পদ্মা ব্যাংকের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় জানার পর প্রতিষ্ঠানে ১৩শ’ টাকা দিয়ে আইডি খোলেন। এভাবে দুই হাজার চারশো’ জন কোম্পানিতে আইডি খোলেন। কর্তৃপক্ষ তাদের নামে ৫৪ হাজার ২টি আইডি খুলে ৭ কোটি ২ লাখ ২৬০০ টাকা হাতিয়ে নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক আইডি থেকে দিনে দুটি বিজ্ঞাপন দেখার পর ১২শ’ টাকা মুনাফা দেওয়ার কথা থাকলেও ৬ মাসের মধ্যে কিছু না জানিয়ে সকল আইডি বন্ধ করে দেয়। যোগাযোগ করা হলে টালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করে।