News71.com
 Bangladesh
 03 Nov 21, 10:35 PM
 204           
 0
 03 Nov 21, 10:35 PM

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার আগ্রহ দ.কোরিয়ার॥

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার আগ্রহ দ.কোরিয়ার॥

নিউজ ডেস্কঃ ইন্টারনেট অব থিংস (আইওটি) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।বুধবার (৩ নভেম্বর) বিকেলে নগরভবনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সৌজন্য সাক্ষাকালে এমন আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতকালে মেয়র তাপস দক্ষিণ সিটির ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজাতে নতুন উদ্যোগ সম্পর্কে ব্যক্ত করলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জ্যাং কিউন সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আইওটি-বেজড ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় প্রথম দিকেই অবস্থান করছে। সুতরাং ডিএসসিসির আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে তার দেশ সহযোগিতা করতে আগ্রহী। ডিএসসিসি মেয়র কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রযুক্তি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত শক্তিশালী ও সুসংহত। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রমকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে দক্ষিণ কোরিয়ার এই সহযোগিতার প্রস্তাবনাকে সাধুবাদ জানাই।

সাক্ষাতকালে কোরীয় রাষ্ট্রদূত নগর ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটির কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার প্রস্তাব দেন। এছাড়াও বাংলাদেশ-কোরিয়া সংস্কৃতি বিনিময়ে ডিএসসিসি মেয়র ও কোরীয় রাষ্ট্রদূত একই সঙ্গে পথ চলতে এবং দু'দেশের সংস্কৃতিকে সমৃদ্ধির উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন