
নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ পুলিশের জন্য ৫৬ লাখ টাকা মূল্যের ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্সে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এরপর সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে ঘোড়াগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেয় উপজেলা প্রাণীসম্পদ অফিস। ঢাকা মোহাম্মদপুরের বসিলায় ঠিকাদার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন শেষে ঘোড়াগুলো পুলিশ সদর দপ্তরে হস্তান্তর করা হবে। আগামী সপ্তাহে আরও ৬টি ঘোড়া পুলিশের জন্য আমদানি করা হবে বলে জানা গেছে। এদিকে, ঘোড়া দেখতে পোর্ট থানার সামনে প্রচুর উৎসুক মানুষের ভিড় জমে। দিল্লি থেকে রওনা দিয়ে ৬ দিন লেগেছে ঘোড়াবাহী ট্রাক বেনাপোল বন্দর পৌঁছাতে। পুলিশের উপপরিদর্শক হুমায়ন কবীর জানান, আমদানিকৃত ঘোড়াগুলো বন্দর থেকে ছাড়ার পর পুলিশি নিরাপত্তা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।