
নিউজ ডেস্কঃ মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বুধবার (৩ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো শ্মশান দীপাবলি। এ সময় পূর্বসূরি সনাতন ধর্মাবলম্বীদের আত্মার শান্তি কামনা করা হয়। প্রতিবছর কালীপূজার আগের সন্ধ্যায় এই প্রার্থনা করা হয়। মোমবাতির আলোয় উজ্জ্বল সারি সারি সমাধি। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে আলো জ্বেলেছেন স্বজনরা। ইহলোক ত্যাগ করা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় এ এক ভিন্ন আয়োজন। প্রায় ২০০ বছর ধরে শ্মশান দীপাবলি পালন করে আসছেন বরিশালের সনাতন ধর্মাবলম্বীরা।
শুধু মোমবাতি আর ধূপ জ্বালানোই নয়, মৃত ব্যক্তির ছবি ফুল-চন্দন দিয়ে সাজিয়ে রাখা হয় সমাধির ওপর। প্রিয়জনের উদ্দেশে নানা খাবারও উৎসর্গ করা হয়। ধর্মীয় গান ও বাদ্যসহ কীর্তন করেন প্রিয়জনের আত্মার সন্তুষ্টির জন্য। দূরদূরান্ত থেকে প্রিয়জনের সমাধিতে ছুটে আসেন অনেকে। এক স্বজন বলেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনায় আজকের এই দীপদান অনুষ্ঠান। প্রতি বছর এই দিনটায় এখানে আসি সবার আত্মার শান্তি কামনা করার জন্য। তারা যা ভালোবাসে তাদের জন্য আমরা সেগুলো অর্পণ করি।