
নিউজ ডেস্কঃ গেল দুই মাসে (সেপ্টেম্বর ও অক্টোবর) সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭০৮টি। এতে নিহত হয়েছেন ৮৪৬ জন ও আহত হয়েছেন এক হাজার ৫৭ জন।বৃহস্পতিবার (৪ নভেম্বর) সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়েলর মধ্যে ৩০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ৩৪৮ জন। যা মোট নিহতের ৪১ দশমিক ১৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ। দুর্ঘটনায় ১৯৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৯৩ শতাংশ। এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন। সড়ক দুর্ঘটনা ছাড়াও এ সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২৮ জন নিহত, ৯ জন আহত ও ১৫ জন নিখোঁজ হন। আর ৩২টি রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ছয়জন আহত হন।