
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের ন্যায় খুলনায় শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে বাস-ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে ট্রেন পথকে বেছে নিচ্ছেন অনেকে। ফলে ট্রেনে যাত্রীচাপ বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকে এ ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। পরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে ট্রেন পথকে বেছে নিচ্ছেন অনেকে। বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। এছাড়া জরুরি কাজে যাদের খুলনা থেকে ঢাকায় যাওয়ার কথা তারাও পড়েছেন বিপাকে।
হঠাৎ পরিবহন ধর্মঘটে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় করা ঠিক নয়। বাস বন্ধ থাকায় ট্রেন স্টেশনে টিকিটের জন্য এসেছেন লবনচরা এলাকার মো. শরিফ। তিনি বলেন, ঢাকা যাওয়ার জন্য বের হয়ে দেখি বাস বন্ধ। রেল স্টেশনে আসলাম টিকিটের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর জানতে পারি টিকিট নেই। অন্যদিকে পণ্য পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।