
নিউজ ডেস্কঃ রাজধানীর সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুনে ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।শুক্রবার (৫ নভেম্বর) মধ্যরাতে লাগা এ আগুনের ধোঁয়াতেই শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাবার ও কেমিকেল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসকর্মীরা। একইসঙ্গে এ ধরনের কোনো কারখানা বা গোডাউনের অনুমোদন নেই বলে জানান তারা। দিগ্বিদিক ছোটাছুটি আর মানুষের আহাজারিতে গভীর রাতের নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে যায় রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাট এলাকার। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা রাবারের জুতার কারখানার আগুনের লেলিহান শিখায় অন্ধকার আকাশ ততক্ষণে ভয়ঙ্কর লাল আভায় রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।