
নিউজ ডেস্কঃ বিমান পরিচালনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে দেশের নতুন বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা।বৃহস্পতিবার (৪ নভেম্বর) এয়ার অ্যাস্ট্রা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এটা বিভিন্ন দিক থেকে নজিরবিহীন। কর্তৃপক্ষ আগের চেয়ে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পাশাপাশি এয়ার অ্যাস্ট্রার জমা দেওয়া আবেদন ত্রুটিহীন বলে প্রমাণ হয়েছে।জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মাথায় অনাপত্তি সনদ পেল সংস্থাটি। আগামী বছর আকাশে ডানা মেলার কথা রয়েছে এয়ার অ্যাস্ট্রার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেবিচক এনওসি দিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।