News71.com
 Bangladesh
 05 Nov 21, 07:16 PM
 164           
 0
 05 Nov 21, 07:16 PM

চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন সড়ক পরিবহনমন্ত্রী॥

চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন সড়ক পরিবহনমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ পরীক্ষার্থীদের কথা চিন্তা করে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা শুক্রবার (০৫ নভেম্বর) থেকে পরিবহন ধর্মঘটের যে ডাক দিয়েছেন তাতে পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৫ নভেম্বর) সকালে পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএর ভাড়া পুননির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। এ সময় বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলভাড়া বৃদ্ধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল, দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন