
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য গভীর সঙ্কট তৈরি করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে তারা আকস্মিক ঘোষণায় জ্বালানি তেলের মূল্য বাড়ানোকে অবিবেচনা প্রসূত ও অমূলক বলে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক চড়া, তার মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মরার ওপর খাঁড়ার ঘায়ের মত। করোনা অতিমারির অভিঘাতে মানুয়ের আয় অনেক কমে গেছে। সমীক্ষা মতে নতুন দরিদ্রের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এখন নতুন করে জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্য মূল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে ব্যয় নির্বাহে সাধারণ মানুষের জন্য গভীর সঙ্কট তৈরি করবে।