
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজ শুক্রবার গণপরিবহন বন্ধ থাকার কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরির পরীক্ষা দিতে আসা মানুষগুলো বাড়ি ফিরতে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে। গাজীপুর থেকে আসা প্রশান্ত বলেন, গণপরিবহন না থাকায় এখন কমলাপুর রেলস্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছি না। প্রচুর ভিড়। নিশান নামে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী যাবো, কিন্তু গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখি সব বাস বন্ধ। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে আছি।