
নিউজ ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিলেট সীমান্তে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ তিনদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ড দেড়শ’ গজের মধ্য থেকে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে স্থানীয় জনিপ্রতিনিধিদের শনাক্ত মতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেল ৪টার দিকে ডোনা সীমান্তের ১৩৩০ ও ৩১ পিলারের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় বিবিজি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমদ এবং বিএসএফের পক্ষে ৯১ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাউয়াত। বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। পতাকা বৈঠক ও মরদেহ ফেরত পাওয়া প্রসঙ্গে বিজিবি-১৯ ব্যাটালিয়টের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমদ বলেন, দুই বাংলাদেশির মরদেহ সীমান্তে জিরো লাইনের দেড়শ’ গজের ভেতর বাংলাদেশ ভূখণ্ডে ছিল। যে কারণে বিজিবি-বিএসএফকে উপস্থিত থাকতে হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে গুলিতে নিহত আসকর উদ্দিন (২৫) ও আরিফ উদ্দনের (২২) মরদেহ শনাক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের শনাক্তমতে মরদেহ দু’টি কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করে।