
নিউজ ডেস্কঃ সম্প্রতি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে একটি চক্র দুই শতাধিক পরীক্ষার্থীর কাছ ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি এর আগেও অনুষ্ঠিত হওয়া চারটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলেও তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এই চক্রে তিনটি সরকারি ব্যাংকের তিন কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।অভিযান চালিয়ে ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসকারী চক্রের সরকারি ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। চক্রের গ্রেফতার সদস্যরা হলেন—প্রশ্ন ও উত্তর ফাঁসের মূল হোতা আহসানউল্লাহ বিশ্ববিদ্যায়ের আইসিটি টেকনিশিয়ান মোক্তারুজ্জামান রয়েল (২৬), জনতা ব্যাংকের গুলশান শাখার অফিসার শামসুল হক শ্যামল (৩৪), রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন (৩০), পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান মিলন (৩৮) ও রাইসুল ইসলাম স্বপন (৩৬)। বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।