
নিউজ ডেস্কঃ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) চার লেনে উন্নীত হবে রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক। বুধবার (১০ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ বিষয়টি কথা জানান। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগকারী হিসেবে যৌথভাবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পে চায়না কোম্পানির বিনিয়োগ কতো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পটির সাম্ভব্য ব্যয়ের পরিমাণ ২ হাজার ৯০ কোটি টাকা। পুরো টাকাটাই যারা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে, তারাই বিনিয়োগ করবে। এছাড়া ২৫ বছর পর্যন্ত প্রকল্পটি রক্ষণাবেক্ষণও করবে তারাই। বৈঠকে অপর এক প্রস্তাবে রাজউকের আওতায় শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাতিলের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।