
নিউজ ডেস্কঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে একজন ও গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং উভয় ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ‘প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান পৃথক পৃথক শোক বার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন।’
মন্ত্রণালয় জানায়, নারায়নগঞ্জের ফতুল্লা থানার আওতাধীন লাল খা এলাকায় পাঁচ তলা ভবনের নিজতলায় শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিস্ফোরণ হয়। ঘটনা ঘটার পর তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসের ডিজিএমসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই ভবনের নিচ তলায় একটি সেপটিক ট্যাংক রয়েছে। ভবনের বাইরে তিতাস গ্যাসের রাইজার ও নিচ তলার ফ্লাটে গ্যাসের চুলা রয়েছে। উক্ত গ্যাসের সোর্সসমূহ থেকে গ্যাস জমে কিংবা তৃতীয় কোন সোর্স থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে, যা তদন্ত করে নির্ণয় করা যাবে।