
নিউজ ডেস্কঃ মতিঝিল থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। চার্জশিটভুক্ত অপর আসামির নাম মাহমুদুল হাসান ওরফে মুর্তজা। সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক রেজাউল করিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেন। শনিবার (১৩ নভেম্বর) সিএমএম আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সিএমএম আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইবুনালে বদলির আদেশ হয়েছে। আদনান শান্ত নামে এক ব্যক্তি চলতি বছর ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।