
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে যান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ রাষ্ট্রপতির কার্যালয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।