News71.com
 Bangladesh
 14 Nov 21, 09:50 PM
 160           
 0
 14 Nov 21, 09:50 PM

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে নয় ॥ পৃথক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিলেন ইসি কমিশনার

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে নয় ॥ পৃথক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিলেন ইসি কমিশনার

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয়ভাবে না করে আগের মতো নির্দলীয়ভাবে করার পক্ষে নিজের মতামত জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে পৃথক একটি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। আজ রোববার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের ডেকে এক লিখিত বক্তব্যে এ প্রস্তাব দেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ ৫০ বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য এই আইন প্রণয়ন অবধারিত হলেও তা যথেষ্ট নয়। এতে নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দলের স্বার্থ সংরক্ষণ করা আবশ্যক এবং তা সব দলের কাছে গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয়। একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না। মাহবুব তালুকদার আরও বলেন, একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টির যত তাড়াতাড়ি ফয়সালা হয় ততই মঙ্গল। নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা আছে।

তিনি আরও বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বললে অত্যুক্তি হবে না। নির্বাচনের সময় ও তার আগে পরে এ পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয়, এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। গত ১১ নভেম্বর ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮০ জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে নির্বাচন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন