
নিউজ ডেস্কঃ চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন খেলাভিত্তিক রমরমা জুয়ার কারবার চলছিল ওয়ান×বেটবিডি.কম (1xbetbd.com) নামে একটি ওয়েবসাইটে। আর জুয়ার অর্থ লেনদেন অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে মোবাইল ব্যাংকিং। সাইটটিতে জুয়া পরিচালনায় যুক্ত তিনজনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রতিদিন গড়ে প্রায় ২৪ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত নজরদারিতে অনলাইন প্ল্যাটফর্ম ওয়ান×বেটবিডি.কম নামে বেটিং সাইটটি নজরে আসে, যেখানে অনলাইনে জুয়া খেলা হয়। পরে একে একে সাইটটির পরিচালনাকারী অন্যতম মাস্টারমাইন্ডসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
সিআইডি সাইবার পুলিশ সেন্টারের মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কক্সবাজার এলাকায় ধারাবাহিক অভিযানে স্বপন মাহমুদ (২৭), নাজমুল হক (২১), আসলাম উদ্দিন (৩৫), মুরশিদ আলম লিপু (২৫), শিশির মোল্লা (২১), মাহফুজুর রহমান ওরফে নবাব (২৬), নবাবের স্ত্রী মনিরা আক্তার মিলি (২৪), সাদিক (২২) ও মাসুম রানাকে (২০) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন ও ৩টি মোবাইল ব্যাংকিং এজেন্ট সিম উদ্ধার করা হয়, যাতে যথাক্রমে ৩ লাখ ৬৪ হাজার ২৯ টাকা, ৮ লাখ ৪৯ হাজার ৪৭৭ টাকা এবং ৫৪ হাজার ৮৩৬ টাকা রয়েছে। এছাড়া, ১টি ল্যাপটপ, ৩৩ লাখ টাকা মূল্যের ১টি প্রিমিও প্রাইভেটকার, নগদ ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।