
নিউজ ডেস্কঃ কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির উদ্যোগে সোমবার (১৫ নভেম্বর) শুরু হয়েছে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি। এতে পুলিশ ব্যাপকভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৫নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে প্রচারপত্র বিলির সময় ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় দলীয় কার্যালয়ে, আবদুল্লাহপুরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তেঘরিয়া বিএনপির সভাপতি খোরশেদ মিয়াসহ অনেক নেতাকর্মীকে, রাজেন্দ্রপুরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করে। এখন নিপুন রায় চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন। ময়মনসিংহের নির্ধারিত স্থানে প্রচারপত্র বিলির সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে বাধা দেয়।