
নিউজ ডেস্কঃ করোনার টিকা পরিবহনে বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার হিসেবে দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তার অংশ হিসেবে এসব ফ্রিজার ট্রাক দেওয়া হচ্ছে। এ লক্ষে প্রথম পর্যায়ে ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) উইলিয়াম ডাওয়ারস এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে চারটি ট্রাক হস্তান্তর করেন।
সোমবার (১৫ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশব্যাপী কোটি কোটি ডোজ কোভিড-১৯ টিকা পরিবহনের জন্য উপযুক্ত কোল্ড-স্টোরেজ সরঞ্জামে সজ্জিত গাড়ির একটি বহর প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকে সহায়তার লক্ষ্যে মোট ১৮টি ফ্রিজার ট্রাক অনুদান দিচ্ছে ইউএসএআইডি। এ জন্য সংস্থাটি স্থানীয় বাজার থেকে চারটি ট্রাক সংগ্রহ করেছে এবং বাকি ১৪টি ট্রাক আগামী কিছুদিনের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে। এ কাজে ইউএসএআইডিকে অংশীদার হিসেবে সহযোগিতা করবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাগুলো যানবাহন সংগ্রহ, তত্ত্বাবধানের পাশাপাশি সারাদেশে কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করবে।