
নিউজ ডেস্কঃ পিরোজপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ছিলেন। তিনি জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের আমেরিকা প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পিরোজপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় থাকেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ‘সোমবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। জানা গেছে, গত ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্ট্যান্ড সংলগ্ন স্থানে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মাতুব্বরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবলীগ শুভ গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হন।