News71.com
 Bangladesh
 16 Nov 21, 11:32 AM
 199           
 0
 16 Nov 21, 11:32 AM

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা সৌদি গভর্নরের॥

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা সৌদি গভর্নরের॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন সুলতান। সোমবার (১৫ নভেম্বর) রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে তিনি এই প্রশংসা করেন। গভর্নর করোনা মহামারির সময়েও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করে সবসময়ই বাংলাদেশের উন্নতির বিষয়ে খবর রাখেন বলে জানান। গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন সুলতান ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের বিষয়ে তার স্মৃতি তুলে ধরেন।

আগামী দিনে দু’দেশের সম্পর্ক জোরদারসহ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশপাশি বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন সুলতান সৌদি আরব ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে দু’দেশের সম্পর্ককে ‘আত্মিক’ বলে মন্তব্য করেন। বাংলাদেশের পোশাক পণ্যের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, ইউরোপ, আমেরিকার বাজারে তিনি প্রায়ই বাংলাদেশের তৈরি পোশাক দেখে থাকেন। রাষ্ট্রদূত গভর্নরকে জানান, উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন