
নিউজ ডেস্কঃ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নিজ বাসভবন হাসান আজিজুল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শোক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘তার প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ ঔপন্যাসিক ও ছোটগল্পকার হিসেবে বাংলা সাহিত্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী হাসান আজিজুল হক। ১৯৬০ নাগাদ লেখা শুরু করলেও তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ২০০৬ সালে। ২০০৮ সালে এই উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান হাসান আজিজুল হক।