
নিউজ ডেস্কঃ খালেদা জিয়া খুবই অসুস্থ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছে। সরকারের কাছে আহ্বান, তাকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক। অন্যথায় সব দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। মঙ্গলবার (১৬নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তে এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবাই জানি তাকে রাজনীতি থেকে দূরে রাখতে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রথমে একটি পরিত্যাক্ত কারাগারে রাখা হয়। তখন তার কোনো চিকিৎসা হয়নি। পরে জনগণের চাপে তাকে হাসপাতালে নেওয়া হয়। তারও পর করোনা শুরু হলে ভয়ে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেয় সরকার। খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় সিসিইউতে আছেন।