
নিউজ ডেস্কঃ নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না। সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স নিয়ে বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো রকম প্রাণহানি হোক আমরা কখনো এটা চাই না। এটা হওয়া উচিত না। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে সেখানে ব্যবস্থা অবশ্যই আমরা নেবো, নিচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা, কোন নির্বাচনে কবে না হয়েছে। সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক এবারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা হোক আমরা চাই না।’ ‘এই যে মানে একটা হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে গিয়ে এটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না।’ দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মুশকিল হচ্ছে এখানে আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি। কিন্তু সেখানে মেম্বারদেরও নির্বাচন হয়। সেটাতে তো কোনো প্রতীক থাকে না।’