News71.com
 Bangladesh
 18 Nov 21, 12:32 PM
 251           
 0
 18 Nov 21, 12:32 PM

পবিত্র কাশীধামের আদলেই নির্মিত হল চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্করমঠে বিশ্বনাথ মন্দির॥

পবিত্র কাশীধামের আদলেই নির্মিত হল চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্করমঠে বিশ্বনাথ মন্দির॥

নিউজ ডেস্কঃ ভারতের কাশীধামের আদলে বাংলাদেশে প্রথম সীতাকুণ্ড শঙ্করমঠে প্রতিষ্ঠিত বিশ্বনাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। মঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মন্ত্র উচ্চারণ ও ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন আমেরিকার কলরেডো নিবাসী পরমানন্দ সরস্বতী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পূর্ণাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ ও দানবীর লায়ন অদুল চৌধুরী।

সকাল ৯টায় বিশ্বনাথ শিব প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হয়। এরপর আচার্যপাদ পরমহংস স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫০তম আবির্ভাব দিবস উপলক্ষে সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরীর সঞ্চালনায় ধর্ম মহাসম্মেলনে অংশ নেন শতবর্ষ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, অতিরিক্ত সম্পাদক রূপকানন্দ ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক পুলকানন্দ ব্রহ্মচারী, মঠের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বাসুদেব দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রণজিত কুমার শীল, প্রকৌশলী সুবল চন্দ্র শীল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রসেনজিত কুমার শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, ব্যবসায়ী সুজন শর্মা, গৌরাঙ্গ শীল, শ্যামল শীল প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে গুরুপূজা, অখণ্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, চণ্ডী ও বেদ পাঠ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন