
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশে শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য গত ৮ অক্টোবর তিনটি জাতীয় দৈনিক এবং পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল।
কিন্তু অনিবার্য কারণে পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী- ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।