
নিউজ ডেস্কঃ ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য তুরস্ক গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার (২০ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশে দেশ ছাড়েন। আইজিপি সম্মেলনে পাঁচ সদস্য বিশিষ্ট ডেলিগেশনের নেতৃত্ব দেবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৩-২৫ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্ণোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। এছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধ বিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কেও পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হবে।