
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইটের আঘাতে পুলিশ ও সংবাদকর্মীসহ আহত হয়েছেন অন্ততঃ ১০ জন। আহতদের মধ্যে ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়েম (২২), সরোয়ার জয় (২৩), মেডিক্যাল কলেজের ছাত্র সাকিব (২০) ও সাখাওয়াত হোসেনকে (২০) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজের মসজিদের সামনের রাস্তার ওপর ক্রিকেট খেলেন। প্রতিদিনের ন্যায় রোববার তারা রাস্তার ওপর ক্রিকেট খেলছিলেন। তখন মেডিক্যালের ছাত্ররা তাদের খেলতে নিষেধ করেন। একই সঙ্গে সন্ধ্যার মেডিক্যালের মধ্যে ঢুকতে বারন করেন। তখন উভয় প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় প্রতিষ্ঠানের ছাত্ররা সংঘটিত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। প্রায় আড়াই ঘণ্টা মেডিক্যাল ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানসহ অন্তত ২৫ ছাত্র, পুলিশ ও সাংবাদিক আহত হন। গুরুতর আহত ৪ ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।