
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬ প্রার্থীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। একই সঙ্গে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইনে রামগঞ্জ ও রায়পুরে কয়েকজন মোটরসাইকেল আরোহীকে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালনে উপজেলার চরবংশী ইউনিয়নে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
এ সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন মেম্বারপ্রার্থীকে বিভিন্ন অংকে মোট ৩৫ হাজার টাকা ও ৮ জন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহণ আইনে পৃথক মামলায় ৬ হাজার ৪‘ টাকা জরিমানা করা হয়। রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে একজন মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।