
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, ওই ব্যক্তি মাদক কারবারি এবং ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার বাসিন্দা। রোববার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।
র্যাব জানায়, ভোরে বালুখালীর কাকড়া সেতু এলাকায় র্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে র্যাব গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।