
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্রবাহিনীর সদস্যসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৫০তম সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২৩ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, দিবস উপলক্ষে লন্ডনে ন্যাশনাল আর্মি মিউজিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনঃগঠনের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও একটি আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন।
তারই হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীও একটি আধুনিক, সুসজ্জিত ও সুদক্ষ সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত হয়েছে - যারা স্থল, আকাশ ও সমুদ্রসহ সর্বক্ষেত্রে একুশ শতকের প্রতিরক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। হাইকমিশনার ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নসহ প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দুদেশের মধ্যে শীর্ঘই প্রতিরক্ষা সংলাপ শুরু হবে।