
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব আধুনিকায়নের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পরিবর্তন হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সেনাবাহিনী এখন বিশ্বের এক নম্বর শান্তিরক্ষী বাহিনী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দ্বন্দ্ব নিরসন করে শান্তি স্থাপনে কাজ করছে এবং সবার কাছে প্রশংসিত হচ্ছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে এক অভিষেক ও বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সয়ের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন। সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্সয়ের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং কোর অব ইঞ্জিনিয়ার্সয়ের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।