
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর অপসারণ চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন ১২ কাউন্সিলর। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসক আবদুল জলিলের সরকারি বাংলোতে গিয়ে চিঠিটি দেন কাউন্সিলররা। এতে নেতৃত্ব দেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার প্যানেল মেয়র-১ লতিফুল হক।
চিঠি নেওয়ার পর রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল গণমাধ্যমকে জানান, কাটাখালি পৌরসভা কাউন্সিলরদের চিঠিটি তিনি পেয়েছেন। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, কাটাখালি পৌরমেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৈরি করে তাতে সবার সই নেওয়ার জন্য বিকেল থেকে পৌরসভায় অবস্থান নেন কাউন্সিলররা। সই শেষে রাতে তারা তা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে আব্বাসকে বরখাস্তের আবেদন করতে যান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কাউন্সিলররা।