
নিউজ ডেস্কঃ রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির খান নিহত হওয়ার ঘটনায় চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। প্রাথমিকভাবে আটক চালকের নাম জানা যায়নি। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান। এ সময় তিনি বলেন, পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহমেদ কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।