
নিউজ ডেস্কঃ উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে।’ গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও একজন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী একজন শিল্পী ছিলেন। লতা তার অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলা সহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন এবং আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তার বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতাজির ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, লতাজি তার ভারতীয় সহশিল্পীদের সাথে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।