
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সব স্কুল ক্লাবকে উৎসাহিত করতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা যা শিখবে, হাতে কলমে শিখবে। নতুন শিক্ষাক্রমকে সেভাবেই সাজিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের কার্যক্রমও একই পথে হাঁটছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সিরাজগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত, স্বাস্থ্য সুরক্ষা ক্লাব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সুরক্ষা ক্লাব কার্যক্রমের জন্য স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী বিকাশে স্কুল ক্লাব কার্যক্রমকে উৎসাহিত করা জরুরি। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের ব্যাপারে সরাসরি জ্ঞানলাভ করছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের আরও ক্লাবকে আমরা উৎসাহিত করতে চাই। অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি, মমিন মণ্ডল এমপি, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।