
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুকে দেখেছি তিনি কীভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার চেষ্টা করেছেন।
মাঝখানে ২১ বছর পিছিয়ে গেলেও ৯৬ সাল থেকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আবার শিক্ষার উন্নয়নে কাজ করা শুরু করেছি। আপনারা জানেন, ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন তৈরি করা হয়। যার ফলে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো একটা সুনির্দিষ্ট ব্যবস্থার আওতায় এসেছ। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে আমরা আজ এগিয়ে চলেছি। দুর্যোগ মোকাবিলায়ও আমরা এগিয়ে গেছি। মন্ত্রী বলেন, বাংলাদেশ একটা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমাদের ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। সেখানে বিনিয়োগ আসছে। সেখানে আমাদের দক্ষ লোক দরকার। আমার বিশ্বাস সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করবে।