
নিউজ ডেস্কঃ নিরাপদ মাছ ছাড়া ক্ষতিকর কোনো মাছ বাজারে বা অন্য কোনো জায়গায় বিক্রি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে বলে জানান তিনি। রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত কেন্দ্রীয় মৎস্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে অতীতে মাছের মান নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার ছিল না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করেছেন। মাছের খাবার এবং যে মাছ রপ্তানি করা হবে তা পরীক্ষা-নিরীক্ষা করা এখন সম্ভব হচ্ছে। সরকারের পদক্ষেপের কারণে বাজারে এখন ফরমালিনের প্রয়োগ নেই। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাসহ সরকারের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখভাল করছেন। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য সর্বপ্রথম গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য যেখানে যেভাবে বিনিয়োগ দরকার সেখানে সেভাবে বিনিয়োগ করছেন। তার লক্ষ্য মাঝে যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, শুধু এখানে থেমে থাকলে হবে না। ব্যাপক উৎপাদন করে বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। সে অর্থ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এ খাতকে আরও সম্প্রসারিত করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যারা এগিয়ে আসবে রাষ্ট্র তাদের সব ধরনের সহায়তা দেবে।