
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার বেগম রাদেশা সুলতানা বলেছেন, একটা খারাপ নির্বাচন করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হওয়ার মোটেই ইচ্ছা নেই। সুন্দর নির্বাচন কেবল আমরা চাইলে হবে না, দলগুলোকেও একটু সংশোধনীর মধ্যে আসতে হবে। রোববার (২৪ জুলাই) নির্বাচন ভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আইন বহির্ভূত ব্যয় নিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, কেন এতো টাকার প্রশ্ন আসবে। কেন এতো টাকা খরচ করতে হবে। তবে টাকা তো লাগবেই এটা তো অস্বীকার করার উপায় নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে টাকার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা কিন্তু তার মধ্যে থাকতে পারছি না। এটা আপনারা একটু চিন্তা করেন কেন থাকতে পারছি না। এই পরিবেশ থেকে নির্বাচনী ব্যবস্থাটা সরে যাচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে থাকা যায় বিধায় আইনে একটি নির্দিষ্ট অংক উল্লেখ করা হয়েছিল সে সময়। না হলে আনলিমিটেড করা হতো। তিনি বলেন, কেন এখন সেই অংকের মধ্যে থাকা যাচ্ছে না। খালি আমরা একটা নির্বাচন কমিশন এই পাঁচজন মানুষ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বসে সব সমস্যা সমাধান রাতারাতি একদিনের মধ্যে একেবারে আইন করে ফেলবো, এটা কিন্তু অসম্ভব। এটা কঠিন। কঠিন হবে না আমি মনেকরি, যদি আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টা থাকে।