
নিউজ ডেস্কঃ পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিসা সম্পর্কিত রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্টসের (২০১৮) অধীনে থাকা নীতিমালা আরও নিবিড় বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সেই সঙ্গে ভিসা পদ্ধতি, প্রবেশ ও প্রস্থানের নিয়মগুলো আরও উদার করার মাধ্যমে ভ্রমণ আরও সহজ করে তোলার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। সোমবার (২৫ জুলাই) তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে এমন সম্মতি জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
ভারতীয় হাইকমিশন জানায়, ঢাকায় তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্রেটারি (সিপিভি এবং ওআইএ) ড. আউসফ সাঈদ। সংলাপে কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদারে দুই পক্ষই কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর মধ্যে একে অপরের আটক নাগরিকদের প্রত্যার্পণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্তকরণ এবং আটক জেলেদের দ্রুত মুক্তির প্রক্রিয়াও অন্তর্ভুক্ত ছিল। সেই সঙ্গে সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক আইনি সহায়তা বৃদ্ধিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে দুই পক্ষই স্বাগত জানিয়েছে। পাশাপাশি নাগরিক-কেন্দ্রিক কনস্যুলার কার্যক্রমের ব্যাপারে কাজ চালিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।