
নিউজ ডেস্কঃ চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।
মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে, মোট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৮০টি, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৬২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৪০টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।