
নিউজ ডেস্কঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৫ জুলাই) রাতে ক্যাম্পাসের গোলচত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় তারা বলেন, আমার ভাই নিহত কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হত্যা কেন? প্রশাসন জবাব চাই।
ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যা কি করে হলো? তা নিয়ে বর্তমানে শিক্ষার্থীরা প্রক্টরের জবাবদিহিতার জন্য প্রক্টর অফিসের সামনে অবস্থান করছেন। অন্যদিকে ক্যাম্পাসে এরূপ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করে। জানা যায়, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক সহপাঠীর সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় যায়। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয় বুলবুল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বুলবুল মাটিতে লুটে পরে সে। এরপর শিক্ষার্থীরা জানতে পারলে সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।